শিবচরে সন্তানের জন্য দুধ কিনতে বলায় স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার বাঁশকান্দিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবচর থানায় ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
জানা গেছে, তিন মাসের কন্যা সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন নাসির ফকির ও খাদিজা আক্তার। নাসির প্রায়ই খাদিজাকে মারধর করতেন। নিজে কোনো কাজ করতেন না। প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত। সোমবার রাতে মেয়ের জন্য দুধ আনতে বলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে নাসির ফকির তার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। খাদিজার চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই নাসির পালিয়ে যায়। দগ্ধ অবস্থায় স্থানীয়রা খাদিজা আক্তারকে রাতেই শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মোকাদ্দেস আলী শাহীন বলেন, খাদিজা আক্তারের বুক ও পেটের বাম দিকে বিভিন্ন স্থান পুড়ে গেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, ওই গৃহবধূর বাবা বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।