কাশ্মির নিয়ে কড়া অবস্থান নিয়ে ভারতের সরকার। কিন্তু এর মধ্যেও অশান্তি অব্যাহত উপত্যাকায়। সমপ্রতি কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদের ডাক প্রণ আল-কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি। এরপরই সরকারি এক রিপোর্টে জানা যাচ্ছে, গত ছয় মাসে জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২১ জঙ্গির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন পাকিস্তানি। বাকি ১০০ জন উপত্যকার বাসিন্দা। এই জঙ্গি অভিযানগুলির বেশিরভাগই দক্ষিণ কাশ্মিরে ঘটেছে। পুলওয়ামায় ৩৬, শোপিয়ানে ৩৪ এবং অনন্তনাগে ১৬ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। ভারত সরকারের পক্ষ থেকে কাশ্মিরি যুবকদের মূলস্রোতে ফেরার আহ্বান জানানো হলেও গত ছয় মাসে ৭৬ জন কাশ্মিরি যুবক হাতে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে যার মধ্যে ৩৯ জন হিজবুল মুজাহিদিনে, ২১ জন জয়শ-ই-মোহম্মদ নামের জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, জঙ্গি দলে যোগ দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত উপত্যকায় ১০০ টি নাশকতামূলক হামলা চালিয়েছে ওই নব্য জঙ্গিরা, এর মধ্যে পুলওয়ামায় ৩২, শোপিয়ানে ২৩, অনন্তনাগে ১৫ এবং শ্রীনগরের ১০টি হামলার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই নিরাপত্তাবাহিনীকে নিশানা করা হয়েছে। - আনন্দবাজার পত্রিকা