স্পোর্টস রিপোর্টার
টেস্ট সিরিজে সর্বস্বই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখন তাদের নতুন করে আশায় বুক বাঁধতে হচ্ছে ওয়ানডে সিরিজের দিকে চেয়ে। ওয়েস্ট ইন্ডিজ চাচ্ছে এই সিরিজে অন্তত ঘুরে দাঁড়াতে। গতকাল অনুশীলনের পাশাপাশি দলটির ব্যাটসম্যান সাই হোপ বলছেন, বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত। আজকের অনুশীলন ম্যাচ থেকে নিজেদের সেই প্রস্তুতিটা ভালো করে তুলতে চান তারা।
ভারত সফরে পাওয়া অভিজ্ঞতাটা এই সিরিজে কাজে লাগবে জানিয়ে হোপ বলছিলেন, ‘ভারতে কিছু ম্যাচ খেলার পর থেকে দল নিজেদের বেশ ভালোভাবে সংঘবদ্ধ করে তুলেছে। আগামীকালের ম্যাচ খেলার জন্য আমাদের যতখানি সম্ভব সেরা প্রস্তুতি নিশ্চিত করতে হবে এবং সেটা প্রথম ওয়ানডে পর্যন্ত এগিয়ে নিতে হবে। আমরা এটার জন্য প্রস্তুত।’
এই সিরিজে আরও একবার ক্যারিবীয়দের যে স্পিন তোপের মুখে পড়তে হবে, সেটা হোপসহ বাকিরা ভালো করেই জানেন বলে বলছিলেন, ‘বাংলাদেশে সবাই একই আশা করে যে বল অনেক বেশি ঘুরবে। কিন্তু এরপরও আমাদের নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে খেলার জন্য কি থাকছে। আমরা হয়তো স্পিনই আশা করতে পারি এবং ভিন্ন ধরনের কিছু হতে পারে। তাই আমাদের যত মৌলিকতা আছে সেসব আয়ত্ত করতে হবে এবং তারা আমাদের দিকে যেটাই ছুঁড়ে দিক সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে ক্যারিবীয়দের যে সেরা চ্যালেঞ্জটা নিতে হবে, সেটা জানেন হোপ। তিনি বলছিলেন, যেমন চ্যালেঞ্জই আসুক, সেটা তাদের সামলাতে হবে, ‘প্রায় একই রকম থাকবে। আমি নিশ্চিত তারা টেস্ট সিরিজের অভিজ্ঞতা ওয়ানডে স্কোয়াডে কাজে লাগাবে এবং খেলার একাদশ গঠন করবে। কিন্তু যেটাই তারা আমাদের দিকে ছুঁড়ে দিক সেসব দূরে রেখে আমাদের প্রস্তুত হতে হবে।’