ময়মনসিংহের জারিয়ায় লোকাল ট্রেনের একটি বগিতে আগুন লাগিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের কিছু সিট পুড়ে গেছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনে এই ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে রাখা ছিল। ভোর সোয়া চারটার দিকে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত গানপাউডার এবং পেট্রল ব্যবহার করে ট্রেনে আগুন দেয়। এ সময় আরএনবির সদস্যরা কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে দেখতে পান এবং ধাওয়া দেন। তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। পরে আরএনবি সদস্যরা নিজেদের জ্যাকেট ভিজিয়ে আগুনের ওপর ঢেকে দ্রুত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের অংশ পুড়ে গেছে এবং অন্যান্য সিটে গানপাউডারের মতো মিশ্রণ ছড়ানো ছিল। এতে পেট্রলজাতীয় তরল পদার্থ ব্যবহার করা হয়েছিল, যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এর আগেই ট্রেনের ২৭ থেকে ৩২ নম্বর সিট পুড়ে যায়। সকাল ছয়টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।