স্পোর্টস রিপোর্টার
স্বাধীনতা কাপ ফুটবলে মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্স ইউনিয়নের ১-১ গোলের ড্রয়ে সুবিধা হলো আবাহনীর। কারণ এই ড্রয়ের সুযোগে দলটি কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। তবে ‘সি’ গ্রুপে আবাহনীর খেলা বাকি ব্রাদার্সের সাথে। এই ম্যাচটি আবাহনীর চাইতে ব্রাদার্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্রাদার্সকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে আবাহনীর বিপক্ষে সহজ হিসাব হচ্ছে অন্তত ড্র করলেই চলবে। তাতে ২ পয়েন্ট নিয়ে ব্রাদার্স শেষ আটে উঠবে গ্রুপ রানার্সআপ হয়ে। তবুও খুশি কোচ নাইমুদ্দিনের ব্রাদার্স। কিন্তু আবাহনীর বিপক্ষে সেই লক্ষ্য পূরণ করা নিয়ে আশঙ্কা থেকেই যায় ব্রাদার্সের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল বিকালে সেটাই জানিয়ে গেলেন ভারতীয় এই কোচ।
ব্রাদার্স অষ্টম মিনিটে ব্রাজিলীয়ান ফরোয়ার্ডের গোলে এগিয়ে গিয়েও (১-০) তা ধরে রাখতে পারেনি। এভারটের গড়ে দেয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। কিন্তু ২৪তম মিনিটে নিজেদের ভুলেই গোলটা হজম করেছে তারা। ডিফেন্ডার তারাকে স্পর্শ করে গোল হয়। মুক্তিযোদ্ধার সুজন গোল করে নিজেদের খেলায় ফিরিয়ে আনেন ১-১।
নাইমুদ্দিন বলছিলেন,‘আমি ফেডারেশন কাপ ফুটবলের খেলা দেখিনি। আজকে দেখলাম আরো উন্নতি করতে হবে। গোল খাওয়া কমাতে হবে।’ ব্রাদার্স স্বাধীনতা কাপ ফুটবলে কাল প্রথম ম্যাচ খেললেও মুক্তিযোদ্ধা দ্বিতীয় এবং শেষ ম্যাচ খেলে ফেলেছে। তারা প্রথমটিতে আবাহনীর কাছে হেরেছিল ২-১ গোলে।
আবাহনী ও ব্রাদার্সের খেলায় চোখ রাখবে মুক্তিযোদ্ধা। অংকের জটিল হিসাব খুলে গেলে মুক্তিযোদ্ধার সামনেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ আসতে পারে।