শনিবার থেকে ফের কর্মবিরতির ঘোষণা স্বাস্থ্য সহকারীদের

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে ফের কর্মবিরতির ডাক দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। তাদের এসব দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবারের মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি না করলে শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে আসছেন তারা। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও পাঁচ বার প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি
স্বাস্থ্য সহকারীদের দাবি হলো- নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসহ ১৪তম গ্রেড ও ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল যুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।

সংগঠনের নেতাদের অভিযোগ, দাবি তুলে ধরলেই একেক অজুহাতে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে। আমরা কথা রেখেছি, কিন্তু কর্তৃপক্ষ রাখেনি। আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই-বাস্তবায়ন চাই।