g এএফপি
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দলে উত্তরসূরি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। দলের পরবর্তী প্রধান নির্বাচন করতে শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হবে। মার্কেল দীর্ঘ ১৮ বছর মধ্য-ডানপন্থি ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস পার্টির (সিডিইউ) হাল ধরে আছেন।
বিগত জাতীয় নির্বাচনে মার্কেলের নেতৃত্বাধীন সিডিইউ আগের নির্বাচনের চেয়ে অনেক কম ভোট পাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী এই নেতা তার দলের প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন। দলের মধ্যে কয়েক বছর ধরে চলা বিশৃঙ্খলা এবং ১০ লাখেরও বেশি শরণার্থীর জন্য সীমান্ত খুলে দেয়ার মার্কেলের সিদ্ধান্তের ওপর ভোটাভুটির পর তিনি ২০২১ সালে তার মেয়াদ পূর্ণ হলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলেও জানিয়েছেন।
শেমনিজ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী এখার্ড জেসে বলেন, ‘আজ অথবা কাল যেই জার্মানির এই বৃহত্তম দলটির প্রধান হন না কেন, তিনিই হবেন জার্মানির চ্যান্সেলর।’ ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে যে, অ্যানেগ্রেট ক্রাম্প কারেনব্যুয়ার (৫৬) হতে যাচ্ছেন সিডিইউ’র পরবর্তী প্রধান। একেকে নামে পরিচিত এই নারী নেত্রী সিডিইউ’র মহাসচিব ও সারল্যান্ড রাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। জরিপে দেখা গেছে, তিনি জার্মান ভোটারদেরও বেশ পছন্দের নেতা।