ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত ৮ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন। এরমধ্যে স্বাস্থ্য কমেেপ্লক্সে ভর্তি রয়েছেন ১৫ জন।
বুধবার দুপুরে সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, ২৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ১৮ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং মনির হোসেন নামে রোগীর অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ জন রোগী ভর্তি রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন, আরিফ হোসেন (১০), রাহাত হোসেন (২০), মো. রুহুল আমিন (৪০), মেহনাজ রিয়া (২২), সদানন্দ (৭৫), আশা মনি (১৮) এবং লিমন (২৬)।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বিষয় নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, ভর্তিকৃত রোগীরা বর্তমানে শঙ্কামুক্ত। স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় প্রাইভেট ক্লিনিকগুলোতে পরীক্ষা করিয়ে ডেঙ্গু নিশ্চিত করতে হয়। তবে সরকারি নির্দেশ অনুযায়ী কম খরচে পরীক্ষা নিরীক্ষার জন্য ক্লিনিক গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮জন হাসপাতালে
নবাবগঞ্জ উপজেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. আব্দুস ছালাম বলেন, ‘আমরা প্রাইভেট ক্লিনিকগুলোতে ডেঙ্গু নির্ণয়ে অতিরিক্ত টাকা নিচ্ছি না। সরকারী নির্দেশনা অনুযায়ী যে টাকা নির্ধারণ করে দিয়েছে আমরা সেই নির্দেশনা মেনে চলছি।’
ইত্তেফাক/নূহু