ব্রাহ্মণবাড়িয়ায় মুগ্ধের ছবি কালিতে ঢেকে দিলো দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর একটি স্মৃতি (ছবি) কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ নভেম্বর) রাত থেকে সোমবার ভোরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কে বা কারা এটি করেছে এ ঘটনায় জড়িত তা জানা যায়নি। ঘটনাটি জানাজানির পর স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে; সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনা ও নিন্দার ঝড়।

স্থানীয় ও সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে তার স্মরণে প্রতিকৃতি ও স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। চিনাইর ডিগ্রি কলেজের সামনেও তার স্মৃতিস্তম্ভ (ছবি) রয়েছে। ওই সময় কলেজের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হলে সেখানে মুগ্ধর ছবি বসানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, গত রোববার চিনাইর ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে এই ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিনাইর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলী আজম বলেন, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সোমবার থেকে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিকে ব্যবহার করে কোনো একটি চক্র ঘটনাটি ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ জানান, মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনে তিনিই উদ্যোক্তা ছিলেন। তিনি বলেন, কে কালি দিয়েছে আমি জানি না। এ ঘটনায় আমি মর্মাহত। আমি ঘটনার বিচার দাবি করছি।

সদর থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।