হর্ন বাজানোয় ব্রাহ্মণবাড়িয়ায় হাতাহাতি, এমপির বহরে থাকা গাড়ি ভাঙচুর

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়িবহরের পেছনে থাকা একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এসময় গাড়িচালক ও যাত্রীদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতির ঘটনায় শাহজাহান মিয়া (৪৫) নামে এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী বাজারে এই ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়া স্থানীয় আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে বিজয়নগরে একটি দলীয় সভা শেষ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভা শেষে তিনি গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশ্যে রওনা হন। পথে আমতলী বাজারের যানজটের মধ্যে সংসদ সদস্যের গাড়িবহরের পেছনে থাকা একটি প্রাইভেটকার ক্রমাগত হর্ন দিচ্ছিল। এসময় স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া হর্ন বাজানো বন্ধ করার জন্য প্রাইভেটকারের চালক ও যাত্রীদের অনুরোধ জানান।

পরে এই ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের সঙ্গে শাহজাহান মিয়ার তর্ক শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শাহজাহান মিয়ার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠেন এবং প্রাইভেটকারটি ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের সংসদ সদস্যের সঙ্গে আসা নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমতলী বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে দ্রুত স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বিজয়নগর থানার ওসি আহসান হাবিব জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত চান্দুরা আমতলী বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় একটি কলেজের অনুষ্ঠান শেষে সংসদ সদস্যের গাড়ি বাজার এলাকা পার হয়ে চলে যাওয়ার পর পেছনে থাকা দলীয় এক নেতার ব্যক্তিগত গাড়িকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এর জেরে উত্তেজিত জনতা ওই গাড়িটি ভাঙচুর করে। কোন নেতার গাড়ি সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।

ইত্তেফাক/এপি