দুবাইয়ে বিধ্বস্তের পর ভারতের ‘তেজাস’ কেনার আলোচনা স্থগিত করলো আর্মেনিয়া

কয়েকদিন আগে দুবাই এয়ার-শোতে বিমান প্রদর্শনের সময় বিধ্বস্তের পর ভারতীয় 'তেজাস' যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা স্থগিত করছে আর্মেনিয়া। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, আর্মেনিয়া ভারত সরকার এবং বিমান প্রস্তুতকারক 'HAL'-এর সঙ্গে ১.২ বিলিয়ন ডলারে ১২টি বিমান কেনার বিষয়ে আলোচনা করছিল। এটিই হতো ভারতীয় এই বিমানের প্রথম রপ্তানি চুক্তি।

বিশ্বের বৃহত্তম অস্ত্রের ক্রেতা ভারত - 'রপ্তানিকারক' হয়ে ওঠার ভারতের প্রচেষ্টার অংশ হিসেবে ১৯৮২ সালে তেজাস জেটের উন্নয়ন শুরু করেছিল।

এই বিমানের উন্নয়নে ইসরায়েলি সিস্টেম ব্যবহৃত হয়েছে। এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী মাত্র ৪০টি তেজস বিমান পেয়েছে। উন্নত সংস্করণের জন্য আরও উৎপাদন চলছে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, বিষয়টি নিয়ে আর্মেনিয়া সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ভারত সরকারও এখনো এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতীয় বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুবাই এয়ার শো-এর শেষ দিনে আকাশে প্রদর্শনের সময় এই ঘটনাটি ঘটে।

তেজস যুদ্ধবিমানটি কম উচ্চতায় অভিযান চালাচ্ছিল। বিমানটি হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে পড়ে যায়। এরপর বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। পাইলট উইং কমান্ডার নমাশ সিয়াল ঘটনাস্থলেই মারা যান।