বিপিএলের নিলামে উঠছে দেশি-বিদেশি ৪০৩ ক্রিকেটার 

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিলামের জন্য মোট ৪০৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিপিএলের গর্ভনিং কাউন্সিল।

নিলামের ড্রাফটে আছেন ১৫৮ জন বাংলাদেশের ক্রিকেটার। যাদের ছয় ক্যাটাগরিতে ভাগ করে ড্রাফট প্রস্তুত করা হয়েছে। বিদেশি ২৪৫ জন ক্রিকেটারকে ড্রাফটভুক্ত করা হয়েছে। বিদেশি ক্যাটাগরিতে পাঁচ ভাগে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে।

নিলামে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ ও লিটন দাস। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা। নিলামের প্রতি ডাকে পাঁচ লাখ টাকা তাদের মূল্য বাড়বে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন স্থানীয় ১৫ ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।

এবারের বিপিএল নিলামে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার শ্রীলঙ্কার। ৫০ লঙ্কান ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। এছাড়া পাকিস্তানের ৪৫ জন, ভারতের ৩ জন, আয়ারল্যান্ডের ৬ জন, আফগানিস্তানের ১৮ জন ক্রিকেটার বিপিএলের নিলামে নাম জমা দিয়েছেন।

বিপিএল নিলামের আগে অন্তত একজন সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য মোট ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো। নিলাম শেষে অবশ্য নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।