স্টাফ রিপোর্টার, রাজশাহী
একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজশাহীর ৫ এমপির সকলেরই আয় ও সম্পদ বেড়েছে। এর মধ্যে শাহরিয়ার, এনামুল, আয়েন ও ফারুক চৌধুরীর বার্ষিক আয় ও সম্পদ বেড়েছে দ্বিগুণ। কোনো কোনো এমপির আয় ও সম্পদ বেড়েছে কয়েক গুণ পর্যন্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দেওয়া হলফনামা এবং ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী, বার্ষিক আয় সবচেয়ে বেশি রাজশাহী-৬ আসনের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। তার বার্ষিক আয় ৩ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৮০৮ টাকা। আর সবচেয়ে কম আয় রাজশাহী-২ (সদর) আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার। বাদশার বার্ষিক আয় ৭ লাখ ৫০০ টাকা। অন্যদিকে গত নির্বাচনের তুলনায় এবার বার্ষিক আয় কমে গেছে এনামুল হকের।
রিটার্নিং অফিস সূত্র মতে, জেলার ছয়টি আসনে এবার মোট ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে পাঁচজনই আছেন বর্তমান এমপি। এ পাঁচজনের মধ্যে চারজন এর আগে দু’বার করে এমপি নির্বাচিত হয়েছেন। পাঁচজনের মধ্যে তিনজনই গত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছেন।
রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর গত ৫ বছরে আয় এবং সম্পদ বেড়েছে দ্বিগুণের বেশি। তার বর্তমান বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৬ লাখ ৫০ হাজার টাকা। গতবার নির্বাচনের আগে যেটি ছিল ২০ লাখ ৬৪ হাজার ৮২৭ টাকা। ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল ৮৮ লাখ ৫২ হাজার ৯২৪ টাকা।
রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সম্পদ এবং আয় দুটিই বেড়েছে। বাদশার এবার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ৫০০ টাকা। এর আগে ২০১৪ সালে তার আয় দেখানো হয়েছিল ৬ লাখ ২৪ হাজার ৭৭২ টাকা। তার পাঁচ বছর আগে ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল ২ লাখ ২ হাজার টাকা।
রাজশাহী-৩ আসনের বর্তমান এমপি আয়েন উদ্দিনের আয়ও বেড়েছে। তার বর্তমান বার্ষিক আয় দেখানো হয়েছে ৩১ লাখ ৮৫ হাজার ৬০৫ টাকা। পাঁচ বছর আগে তার বার্ষিক আয় ছিল মাত্র ২ লাখ ৭৫ হাজার টাকা।
রাজশাহী-৪ আসনের বর্তমান এমপি এনামুল হকের এবার বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৯ লাখ টাকা। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে ছিল ৫০ লাখ টাকা। আর ২০০৮ সালের নির্বাচনে ছিল ২০ লাখ টাকা।
রাজশাহী-৬ আসনের বর্তমান এমপি শাহরিয়ার আলমের বার্ষিক আয় ৩ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৮০৮ টাকা। যা পাঁচ বছর আগের তুলনায় বেড়েছে তিনগুণের বেশি। গত নির্বাচনে তার আয় দেখানো হয়েছিল ১ কোটি ১৫ লাখ ১৩ হাজার ১৮০ টাকা। ২০০৮ সালে ছিল যা ৯৭ লাখ ৭৩ হাজার ৯৪৯ টাকা।