সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থীতা নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। জোটের পক্ষ থেকে এ আসনে বিএনপির প্রার্থী নায়িকা শায়লা ও বিএনপি নেতা খন্দকার সেলিম এই দু’জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত কোন প্রার্থী দলীয় মনোনয়ন নিয়ে থাকবেন মাঠে, তা নিয়ে ভোটারদের মাঝে উত্কণ্ঠার পাশাপাশি চলছে নানা জল্পনা-কল্পনা।
বিএনপি’র সদরপুর উপজেলা সভাপতি গোলাম রব্বানী বলেন, আমরা সত্যিই উদ্বিগ্ন-উত্কণ্ঠায় রয়েছি। এ আসনে দলীয়ভাবে খন্দকার ইকবাল হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হলে মাঠ পর্যায়ে আমরা অনেক এগিয়ে যাব। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাঈদ বলেন, বিগত ১০/১২ বছর ধরে দলটি ক্ষমতায় না থাকলেও খন্দকার সেলিম দলীয় কাজকর্ম চালিয়ে গেছেন। দুর্দিনে নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন। সে ক্ষেত্রে খন্দকার সেলিমই গণসংযোগ ও সভা সমাবেশে এগিয়ে আছেন।
সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান বদু বলেন, শাহরিয়ার ইসলাম শায়লা রাজনীতিতে নতুন। তাকে মনোনয়ন দিলে এত অল্প সময়ের মধ্যে মাঠ গোছানো সম্ভব নয়। এছাড়া তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের সাথে তার পরিচিতি নেই, তাকে মনোনয়ন দেওয়া হলে এ আসনে বিএনপি’র হাই কমান্ডের ভুল সিদ্ধান্ত হবে বলে আমার ধারণা। সদরপুর উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের বেশিরভাগ সমর্থন সেলিম খন্দকারের পক্ষে। তাকে মনোনয়ন দেওয়া হলে ফরিদপুর-৪ আসন থেকে বিএনপির প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে নেতা-কর্মীদের ধারণা।