বিএনপির আমলে শেয়ার বাজারে ধস নামেনি: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপির আমলে কখনো শেয়ার বাজারে ধস নামেনি। জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদ পর্যন্ত শেয়ার বাজারে ধস নামেনি। কিন্তু দেশের অর্থনীতি যত নিচের দিকে গেছে সেটা গেছে শেখ হাসিনার আমলে।’

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে ‘বিএনপির দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন বেসরকারি খাতের জুট ১০০ শতাংশ রফতানি হয়েছে। শেখ হাসিনা ভারতকে জুট ইন্ডাস্ট্রিতে সুবিধা দেওয়ার জন্য যে সমস্ত ভর্তুকি দেওয়ার দরকার ছিল, তাদের যেসব সুবিধা দেওয়ার দরকার ছিল, সেসব না দিয়ে আস্তে আস্তে জুটটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির কোনো নেতৃবৃন্দ কোনো ধরণের মিথ্যা প্রতিশ্রুতি দেননি। যেটা সম্ভব, যেটা করা যায়, সেই কথাগুলোই বলেছেন। কাউকে জান্নাত পাইয়ে দিবেন, সাদ্দাতের বেহেশত পাইয়ে দিবেন এসব কথা বিএনপি বলছে না। বিএনপি অত্যন্ত প্র্যাকটিক্যালি তার সামর্থের মধ্যে যে কাজ করা সম্ভব, সেগুলোর কথাই বলেছে।’