তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নৌকা নাকি লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে আলোচনা চলছে। যদিও এ আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউককে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে অধ্যক্ষ আসাদুজ্জামান সাবলু চৌধুরী ও জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলুকে। ডিউক চৌধুরী মহাজোটের পক্ষে নৌকার প্রতীক পাওয়ার আশাবাদী। অপরদিকে মহাজোটের লাঙ্গল পাওয়ার আশাবাদী সাবলু চৌধুরী ও বাবলুও। সর্বশেষ কে হবেন এই আসনের মহাজোটের প্রার্থী। এ নিয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় ভোটারদের মধ্যে চলছে আলোচনার ঝড়।
আওয়ামী লীগের সংসদ সদস্য ডিউক চৌধুরী জানান, যাচাই-বাচাই শেষে আমি আওয়ামী লীগের বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত। আমি মহাজোটের প্রার্থী হিসেবে অনেকটাই নিশ্চিত।
অধ্যক্ষ আসাদুজ্জামান সাবলু জানান, মহাজোটের প্রার্থী নির্ধারণে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ওপর নির্ভর করছে। তবে আমি শতভাগ আশাবাদী মহাজোটের প্রার্থী হব। অপরদিকে জিয়াউদ্দিন বাবলু সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব। পার্টির চেয়ারম্যান এরশাদের ভাগ্নিজামাই ও জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য হওয়ায় স্থানীয় বেশ কিছু নেতাকর্মী বাবলুর মহাজোটের প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদী।