ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি থাকায় ফের অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ জামান।
তিনি বলেন, আজ (বুধবার) বেলা ১১টায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় হয়েছে। সবাই একমত হয়েছে ২৪ ডিসেম্বর নির্বাচন করা সম্ভব নয়। তফসিল অনুযায়ী ২৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটির জন্য সব কার্যক্রম বন্ধ থাকবে; তাই জানুয়ারির ১০ তারিখের পরেই নির্বাচন আয়োজন করতে হবে। তবে তারিখ এখনো ঠিক করা হয়নি।
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর সংবাদ সম্মেলন করেছে শিবিব সমর্থিত প্যানেল, বেরোবি শিক্ষার্থী পরিষদ।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মেহেদী হাসান বলেন, নির্বাচন কমিশন একটি গোষ্ঠীর মদদে বারবার ব্রাকসু নির্বাচন বানচাল করতে চেষ্টা করে আসছে। গতকাল (মঙ্গলবার) ব্রাকসুর মনোনয়ন দাখিলের শেষ দিন থাকলেও অঘোষিত ভাবে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। এ অবস্থায় ২৪ ডিসেম্বর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার পরিপন্থী।
এর আগে ১ ডিসেম্বর ব্রাকসু স্থগিত করে নির্বাচন কমিশন। তখনও নির্ভুল ভোটার তালিকা না পাওয়া ও রেজিস্ট্রারের দপ্তরের অসহযোগিতার অভিযোগ তোলা হয়। পরে ৩ ডিসেম্বর রাতে নির্বাচনী তফসিল পরিবর্তনের পাশাপাশি ভোটের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ বুধবার ফের অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।