ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির সাক্ষাত্কার দিতে এসে জালিয়াতির অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সোমবার ও মঙ্গলবার সাক্ষাত্কার দিতে আসেন। সাক্ষাত্কার গ্রহণকালে এডমিট কার্ডের ছবি ও চেহারার মিল না থাকায় সোমবার একজন এবং মঙ্গলবার দু’জন শিক্ষার্থীকে সন্দেহ করেন দায়িত্বরত শিক্ষকরা। এ সময় তাদের পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জালিয়াতি করে চান্স পাওয়ার কথা স্বীকার করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা ডি ইউনিটের ভর্তি পরীক্ষা জালিয়াতি করে চান্স পেয়েছে। আটককৃতরা হলেন- ময়মনসিংহের মুশফিকুর রহমান, নরসিংদীর রেজাউল হক শামীম এবং ভালুকার হাফিজ মোঃ হিজবুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান জানান, যারা সাক্ষাত্কার দিতে এসে আটক হয়েছেন তারা কেউই ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি। তাদের এডমিটে অন্য কেউ পরীক্ষা দিয়ে গেছে। এ জালিয়াতির সঙ্গে একটি বড় চক্র জড়িত।