শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু করেছে। নাব্যতা সংকটের কারণে বুধবার রাত ১১ টা ৫৫ মিনিটে দেশের ২১ জেলার চলাচলের গুরুত্বপূর্ণ এই নৌরুট বন্ধ হয়ে যায়। সকালে আবার ফেরি চলাচল সচল হলেও সব ফেরি চলতে পারেনি। ৯টি ফেরি চলছে খুড়িয়ে খুড়িয়ে।

বিআইডব্লিউটিসি'র সহকারী মহা-ব্যবস্থাপক মো. নসির উদ্দিন বলেন, 'বর্তমানে ১৮টি ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখার চেষ্টা করা হচ্ছে। নাব্যতা সংকট নিরসনে ৫টি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে লৌহজং টার্নিং পয়েন্টের ভাটিতে গতবারের বিকল্প চ্যানেলটি ড্রেজিং শেষে খুলে দেওয়া হয়েছে। বিকল্প চ্যানেলটি দিয়েই পরীক্ষামূলকভাবে এখন ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এ নৌরুটে চলতে গেলে আগের চেয়ে ফেরি পারাপারে বেশি সময় লাগবে।'

জানা যায়, পদ্মায় পলি পড়ে নাব্যতা সংকট সৃষ্টি হওয়ায় ফেরিগুলো চলতে পারছে না। ফেরি চলাচলের জন্য পর্যাপ্ত গভীরতা নেই এই নৌরুটে। লৌহজং টার্নিং পয়েন্টের ডাউন চ্যানেলের মুখে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরিগুলো চ্যানেল পাড়ি দিতে পারছে না। এখানে ফেরি চলাচলের জন্য পর্যাপ্ত পানি নেই। লৌহজং টার্নিং পয়েন্টের মুখে আসলেই নাব্য সংকটের কারণে ফেরিগুলো ডুবো চরে আটকে যাচ্ছে।

আরও পড়ুন:  পলাশবাড়ীতে নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

এর আগে, বুধবার রাত ১১টার দিকে রো রো ফেরি এনায়েতপুরী শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গিয়ে লৌহজং টার্নিং পয়েন্টের ডাউন মুখে ডুবো চরে আটকে যায়। রাতভর চেষ্টা করে দীর্ঘ ৭ ঘণ্টা পরে বৃহস্পতিবার ভোর ৬টায় ফেরিটি উদ্ধার করা হয়। এর আগে গত পরশু লৌহজং টার্নিং পয়েন্টের মুখের আপ চ্যানেলটিও নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে যায়।

মাওয়া ট্রাফিক জোনের টিআই হিলাল উদ্দিন জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে ফেরি চলাচলে বিঘ্ন ঘটার কারণে ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক গাড়ি জমে আছে। কিন্তু বুধবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ যানজট আরও বাড়ছে। এতে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ।

ইত্তেফাক/জেডএইচডি