মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
চাঁদা আদায়ের অভিযোগে মীর্জাগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার বিকালে স্থানীয় মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে সাংবাদিক পরিচয় দানকারী দু’জনকে গ্রেপ্তার করেছে। এরা হলো মো. শহিদুল আলম মোল্লা ও মো. আলী আহাম্মদ সিকদার।
মীর্জাগঞ্জ থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ওইদিন গ্রেপ্তারকৃতরা উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অজুহাত তুলে প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন খানের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দিলে তারা বিদ্যালয়কে জড়িয়ে পত্রিকা এবং ফেসবুকে লেখালেখি করে তাকে চাকরিচ্যুতর হুমকি দিয়ে নগদ ২ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক মীর্জাগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলহাজতে পাঠায়।