পাসপোর্ট করতে সাজানো বাবা-মাসহ রোহিঙ্গা তরুণী আটক

বাংলাদেশি নাগরিকের জন্ম সনদ নিয়ে পাসপোর্ট করতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় মরিজান (১৭) নামে এক রোহিঙ্গা তরুণী সাজানো বাবা-মাসহ আটক হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। 

অন্য দুইজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের মোখলেছুর রহমান (৫০) ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ্র গ্রামের লিপা বেগম (৩৮)।

জানা গেছে, মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তিনি মিয়ানমারের আরাকান রাজ্যের জাকির মিয়ার মেয়ে। তবে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া জন্ম সনদে মরিজানের নাম মোছা. তানজিনা আক্তার ও বাবার নাম মো. মোখলেছ মুন্সী। 

আরও পড়ুন: সাগরের মাছে বিষাক্ত রং, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, দুপুরে পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার কাছে আসেন ওই রোহিঙ্গা তরুণী। কথা বলার সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা নাগরিক। পাসপোর্ট করতে আমরা যাতে সন্দেহ না করি সেজন্য সাজানো বাবা-মাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। পরে তাদের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আমরা পাসপোর্ট অফিসের অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই করছি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অনি