১৩ জনকে বেঁধে রেখে ৪ স্বর্ণের দোকানে ডাকাতি

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে বুধবার গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাজারের ৪টি স্বর্ণ দোকানের আনুমানিক ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের প্রহারে বাজারের গার্ডসহ ১১ জন আহত হয়। পুলিশ সন্দেহজনক ভাবে পাঁচজনকে আটক করেছে। 

পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে সংঘবদ্ধ ডাকাত দল বাজারের ছয়জন নাইট গার্ড ও দুইজন সুপারভাইজার ও দোকানের চারজন কর্মচারী এবং এক মালিককে বাজারের পূর্ব পাশে সুখরঞ্জনের কলার দোকানে নিয়ে বেঁধে রাখে ডাকাতি করে।

জানা যায়, নায়েরগাঁও মধ্য বাজারের পলী স্বর্ণা শিল্পালয়ে ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ আড়াই লাখ টাকা, রঞ্জিত শিল্পালয়ের ১৫ ভরি রূপা, ভাই-ভাই শিল্পালয়ের দেড় ভরি স্বর্ণালঙ্কার ও পূর্ব বাজারের মা স্বর্ণালয়ের দেড় ভরি স্বর্ণালঙ্কার ডাকাত দল নিয়ে গেছে। 

ভাই ভাই শিল্পালয়ের মালিক অজয় বণিক ও রিপন বণিক বলেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক লিটন পাল রাত প্রায় ৩টার সময় আমাকে ফোনে বিষয়টি জানান। এ ছাড়া মা স্বর্ণালয়ের মালেক মো. সবুজ মিয়া বলেন, দোকানের কর্মচারী কাঁকন একই সময়ে ডাকাতির বিষয়টি আমাকে জানায়। 

ঘটনার দিন রাতে ৭ জন গার্ডের মধ্যে একজন ও দুইজন সুপারভাইজারের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। ওই রাতে বাজার এলাকায় পুলিশের পেট্রল ডিউটির দায়িত্বে ছিলেন এএসআই প্রশান্ত কুমার দাস।

আরও পড়ুন: ভিআইপির বলি তিতাস: দুটি তদন্ত দলের শুনানি গ্রহণ

বাজার কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ছয়টায় কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার পাল বাজারে ডাকাতির ঘটনাটি জানায়। 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনর্চাজ একেএমএস ইকবাল বলেন, ডিবি পুলিশের কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় বাজারের চারজন গার্ড  ও এক দোকান কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ইত্তেফাক/অনি