ট্রুকলার অ্যাপে সিকিউরিটি বাগ! হ্যাকিং-এর আতঙ্ক

গ্রাহকের কোনও রকম অনুমতি ছাড়াই বেসরকারি ব্যাংকের সঙ্গে তাদের ইউপিআই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার মেসেজ পাচ্ছিলেন অনেক ট্রুকলার ব্যবহারকারী। আর তা থেকেই অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আতঙ্ক ছড়ায় ট্রুকলার ব্যবহারকারীদের মধ্যে।

জানা গিয়েছে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অসংখ্য ভারতীয় ট্রুকলার ব্যবহারকারীর কাছে বেসরকারি ব্যাংকে তাদের ইউপিআই অ্যাকাউন্ট তৈরি নোটিফিকেশন আসতে থাকে। এই ব্যবহারকারীর কাছে আসা মেসেজে লেখা ছিল, ইউপিআই অ্যাপে আপনার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। যদি আপনি এটি না করে থাকেন, সেক্ষেত্রে এখনই আপনার ব্যাংকে বিষয়টি জানান। আপনার কার্ডের তথ্য, সিভিভি, ওটিপি কারও সঙ্গেই শেয়ার করবেন না। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং-এর আতঙ্ক ছড়ানোর জন্য এই মেসেজই যথেষ্ট!

জানা গিয়েছে, ট্রুকলার-এর ১০.৪১.৬ ভার্সন আপডেট করার পরই সোমবার বিকেল থেকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে অসংখ্য ট্রুকলার ব্যবহারকারীদের। ট্রুকলার-এর পক্ষ থেকেও এইিসকিউরিটি বাগ বা অ্যাপের নিরাপত্তাজনিত ত্রুটির কথা স্বীকার করে নেওয়া হয়েছে। যতক্ষণ না এই ত্রুটি শুধরে নেওয়া হচ্ছে, ততক্ষণ ট্রুকলার-এর ১০.৪১.৬ ভার্সনটি বন্ধ রাখা হচ্ছে। দ্রুতই এই সমস্যার সমাধান করে নতুন ভার্সন আনা হবে বলেও জানিয়েছে সংস্থা।