চট্টগ্রামে প্রকাশ্যে দুই নারীকে চেয়ার দিয়ে পিটিয়েছে এক যুবক। এসময় এক নারীকে পেটানোর সময় আরেক নারী এগিয়ে এলে তাকেও বেধড়ক পেটানো হয়। ঠিক এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গত মঙ্গলবারের। চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বিজয় মেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিজয় দিবস ঘিরে গত রোববার থেকে মঙ্গলবার সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন ভাসমান দোকান গড়ে উঠে। মঙ্গলবার কয়েক হাজার মানুষ ভিড় করেন। বিভিন্ন দোকানে আগে-পরে খাবার দেওয়া নিয়ে বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মূল মেলার বাইরে খাবারের দোকানে এক যুবক দুই নারীকে প্লাস্টিকের চেয়ার হাতে বেধড়ক পেটাচ্ছেন। নারীদের একজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও চেয়ার দিয়ে মারতে থাকেন ওই যুবক। পাশ থেকে আরেক নারী এগিয়ে এলে তাকেও চেয়ার হাতে মারধর করেন ওই যুবক। পাশে আরও দুই যুবককে হাতাহাতি করতে দেখা যায়।
সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ বলেন, ঘটনার পর দুই নারী ফাঁড়িতে এসে মৌখিক অভিযোগ দেন। পরে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওই দুই নারী সেখান থেকে চলে যান। সেদিন মানুষের ভিড় বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।