বাজে খেলেছি আমরা :সৌম্য সরকার

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পেছনে কোনো অজুহাত দাঁড় করাতে রাজি নন শেষ ম্যাচে ফিফটি করা সৌম্য সরকার। তিনি বলেন, খুব বেশি চিন্তা করার খেসারত দিতে হয়েছে তাদের এ সিরিজে। সেই সঙ্গে বলেন, তারা যে বাজে খেলেছেন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে সাম্প্রতিক ফর্মের কারণেই ফেভারিট ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ শুধু সিরিজ হারেনি, শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে।

নিজেদের এই আত্মসমর্পণ সম্পর্কে বলতে গিয়ে সৌম্য বলেন, ‘৩-০ ব্যবধানে সিরিজ হারায় আমরা সবাই হতাশ। আমরা যখন প্রথম দুটি ম্যাচ হারলাম, তখন ভেবেছিলাম, শেষ ম্যাচে আমরা ভালোভাবে ফিরে আসব। কিন্তু আমরা আজ (শেষ ম্যাচে) আরেকবার হারলাম। ফলে আমরা সবাই হতাশ। আমাদের মেনে নিতে হবে যে, আমরা সবাই খুব খারাপ খেলেছি। শ্রীলঙ্কা প্রায় চার বছর পর সিরিজ জিতেছে। সেটা হোম কন্ডিশন বা অন্য কারণে নয়; তারা ভালো খেলেছে বলেই জিতেছে। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারতাম বা তিন বিভাগে সেরাটা দিতাম, তাহলে আজকে দৃশ্যটা অন্যরকম হতে পারত।’

সৌম্য বলেন, যে ভুলগুলো তারা ম্যাচে করেছেন, প্রতিদিন অনুশীলনে সেগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কাজ হয়নি, ‘আমরা অনুশীলনে এই ভুলগুলো থেকে বের হয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছি। আমি প্রথম দুই ম্যাচে রান করতে পারিনি। আরো যারা পারেনি, তারা সবাই অনেক চেষ্টা করেছে। আমরা হোটেলে পর্যন্ত চেষ্টা করেছি। আমরা সবসময় কথা বলেছি যে, কিভাবে ফিরে আসা যায়।’

সৌম্য বলেন, এই অতিরিক্ত চেষ্টা ও চিন্তা তাদের ক্ষেত্রে সম্ভবত বুমেরাং হয়েছে, ‘আমরা সম্ভবত একটু বেশি চিন্তিত ছিলাম। কখনো কখনো খুব বেশি দুশ্চিন্তা করলে ফল পক্ষে আসে না। আমরা খুব বেশি চিন্তা করলে ব্যর্থ হই। আমরা এটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে, আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলব, না কি সেটা বাদ দিয়ে খোলসে ঢুকে যাব।’

অনেকে অবশ্য বাংলাদেশের এই সিরিজে খারাপ করার কারণ হিসেবে সাকিব আল হাসানের অনুপস্থিতিকে সামনে আনতে চাইলেন। কিন্তু সৌম্য এই মতের পক্ষে নন, ‘না, আমার কাছে তা মনে হয় না। একজন খেলোয়াড় এখানে থাকলেই সব বদলে যেতো, ব্যাপারটা এমন নয়। আর একজনের পারফরম্যান্স দিয়েই আমরা জিতে জেতাম, তাও নয়। তবে এটা ঠিক যে, সে (সাকিব) এখানে থাকলে অন্যরা হয়তো তার প্রেরণায় আরেকটু ভালো খেলত। তখন ইনিংসগুলোও ভিন্ন হতো। কিন্তু যে ছিল না, তাকে নিয়ে আলোচনা করে লাভ নেই। আমরা যারা এখানে ছিলাম, তারা কেউ পারফরম করতে পারিনি, এটাই সত্যি।’

সৌম্য বলছিলেন, আসলে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। তাদেরই দোষটা নিতে হবে। সেটা বলতে গিয়ে এই টপ অর্ডার ব্যাটসম্যান বলছিলেন, ‘আমাদের দায় নিতে হবে। আমি স্বীকার করছি যে, আমাদের ব্যাটিং দেখতে কখনো কখনো বাজে মনে হয়েছে। আমরা বারবার একই ভুল করছি।’