ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে নিয়ে প্রকাশিত হয়েছে ফিফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা। গত বুধবার প্রকাশিত এই তালিকায় নেই গেলবারের বিজয়ী লুকা মদ্রিচ, সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার কিংবা গেল মৌসুমে তিনটি ভিন্ন প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা ব্রাজিলিয় গোলরক্ষক এলিসন বেকার।

গ্রহের সেরা ফুটবলারটিকে ১৯৯১ সাল থেকে পুরস্কৃত করা শুরু করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০১০ সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিনের সঙ্গে মিলে পুরস্কারটি ‘ফিফা ব্যালন ডি’অরে’ পরিণত হয়। এরপর ২০১৬ সালে এটি ফ্রেঞ্চ ফুটবল থেকে আলাদা হয়ে আবারও পুরনো কাঠামোয় ফেরত আসে।

চলতি কাঠামোয় দুইবার পুরস্কারটি জিতেছেন রোনালদো। সংখ্যাটাকে তিনে উন্নীত করার সুযোগ থাকছে তার সামনে। গত বুধবার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় এসেছে তার নাম। গেল মৌসুমে জুভেন্তাসের হয়ে ইতালিয়ান সুপারকাপ ও সিরি’আ জেতা আর পর্তুগালের হয়ে ইউরো নেশন্স লিগ জেতার ফলেই আবারও এই অর্জনের দুয়ারে এসে দাঁড়িয়েছেন রোনালদো।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রোনালদোর সঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড় হবার লড়াইয়ে থাকা মেসিও আছেন এই তালিকায়। গেলো বছর বার্সেলোনার হয়ে শিরোপা জিতেছেন মোটে একটি। কিন্তু পুরস্কারটা যে ব্যক্তিগত নৈপুণ্যের! তাই লিগে সর্বোচ্চ ৩৬ গোল করে বার্সেলোনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আর চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১২ গোল করে দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়া মেসির নামকে অগ্রাহ্য করার কোনো উপায়ই ছিলো না ফিফার সামনে।

গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা লিভারপুল দল থেকে সাদিও মানে, ভার্জিল ফন ডাইক আর মোহামেদ সালাহ ঠাঁই পেয়েছেন এই তালিকায়। তবে নিজেদের জাতীয় দলে যথাক্রমে উয়েফা নেশন্স লিগ আর আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে তুলে ফন ডাইক আর মানে পুরস্কারটি জেতার দৌড়ে কিছুটা সতীর্থ সালাহ থেকে।

এছাড়াও তালিকায় আছেন টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা হ্যারি কেইন, আয়াক্সকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তোলা ফ্র্যাঙ্কি ডি ইয়ং আর ম্যাথিয়াস ডি লিখট, চেলসিকে ইউরোপা লিগ জেতানো এডেন হ্যাজার্ড ও পিএসজিকে লিগ শিরোপা জেতানো কিলিয়ান এমবাপে।

গেল মৌসুমে দারুণ খেলে লিভারপুলকে চ্যামিপয়ন্স লিগ আর ব্রাজিলকে কোপা আমেরিকা পুনরুদ্ধারে সাহায্য করা এলিসন বেকার নেই এই তালিকায়। তবে চোটের কারণে মৌসুমের একটা বড় অংশ খেলতে না পারা নেইমারের না থাকাটা অনুমিতই ছিল কিছুটা।

সেরা কোচ হবার দৌড়ে আছেন ব্রাজিলের তিতে, লিভারপুলের য়ুর্গেন ক্লপ, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, পেরু কোচ রিকার্দো গারেকা, রিভারপ্লেটের মার্সেলো গ্যালার্দো, আয়াক্সের এরিক টেন হ্যাগ, ফরাসি কোচ দিদিয়ের দেশম, আলজেরিয়া কোচ জামাল বেলমাদি,  টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো ও পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।

পছন্দের তিনজন খেলোয়াড়কে ভোট দেওয়ার সুযোগ থাকছে ভক্তদের জন্য। এই ভোট থেকে প্রাপ্ত পয়েন্ট বিশ্ব ফুটবলের প্রধানব্যক্তি, সাংবাদিক এবং জাতীয় দলের কোচ-অধিনায়কদের ভোটের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচিত করবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়টিকে। আগামী ২৩ সেপ্টেম্বর মিলানে ফিফা বর্ষসেরার নাম ঘোষিত হবে।

 

নেই মদ্রিচ, নেইমার, এলিসনরা

ফিফা বর্ষসেরার দৌড়ে থাকা দশজন

ক্রিশ্চিয়ানো রোনালদো   (জুভেন্তাস/পর্তুগাল)

লিওনেল মেসি               (বার্সেলোনা/আর্জেন্টিনা)

মোহামেদ সালাহ            (লিভারপুল/মিসর)

সাদিও মানে                  (লিভারপুল/সেনেগাল)

ভার্জিল ফন ডাইক          (লিভারপুল/নেদারল্যান্ডস)

হ্যারি কেইন                  (টটেনহ্যাম/ইংল্যান্ড)

ফ্র্যাঙ্কি ডি ইয়ং               (আয়াক্স/নেদারল্যান্ডস)

ম্যাথিয়াস ডি লিখট         (আয়াক্স/নেদারল্যান্ডস)

এডেন হ্যাজার্ড               (চেলসি/বেলজিয়াম)

কিলিয়ান এমবাপে          (পিএসজি/ফ্রান্স)