হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কিছু ক্রিকেটার এবং বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটার নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে গঠন করা হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচের সিরিজটা হারলেও আফগানদের বিপক্ষে শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ড্র করতে সমর্থ হয়েছিল ইমরুল কায়েসের দল।
আগামী মাসেই আবার নতুন মিশন নামবে এইচপি দল। আগামী ১৬ আগস্ট বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা এইচপি দল। সফরে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে লঙ্কানরা। শুরুতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। তারপর চার দিনের ম্যাচ খেলে ঢাকা ছাড়বে সফরকারীরা।
এই হোম সিরিজে বাংলাদেশের এইচপি দলে থাকবেন না কোনো সিনিয়র ক্রিকেটার। চলতি বছরের এইচপি থেকে গঠন করা হবে দল। নির্বাচকরা ইতিমধ্যে দল তৈরি করে বিসিবিতে জমা দিয়েছেন।
গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এইচপি দলে অভিজ্ঞ কেউ থাকবে না। আমাদের এইচপির ক্রিকেটারদের নিয়েই দলটা গঠন করা হচ্ছে।
- স্পোর্টস রিপোর্টার্ব