বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

উঠেই নেমে গেল নোফেল

নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর—এই তিন মিলে গড়া হয়েছিল নোফেল স্পোর্টিং ক্লাব। প্রথম মৌসুমে প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম আসরে খেলতে গিয়ে টিকতে পারল না নোফেল। আসরে খেলেই অবনমন হয়ে গেল। গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ খেলায় নোফেল ২-২ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ড্র করে। এই ড্রয়ের কারণে নোফেলের অবনমন নিশ্চিত হয়ে যায়। ২৪ খেলায় (৫ জয়, ৫ ড্র, ১৪ হার, গোল ২৩/৪২) ২০ পয়েন্ট পেয়ে ১৩ দলের মধ্যে ১২তম হয়েছে। ২১ পয়েন্ট রহমতগঞ্জের। মোহামেডানের কাছে হারলেও সমস্যা নেই। বিজেএমসি আগেই অবনমন নিশ্চিত করেছে। কয়েকটি ক্লাব বাফুফের কাছে আবেদন করেছে এবার যেন একটি দলকে রেলিগেশন দেয়া হয়। বাইলজ ভেঙে নতুন নিয়ম করা হবে কি না—জানতে অপেক্ষা করতে হচ্ছে।

শেখ জামালের বিপক্ষে ২ গোলে পিছিয়ে ছিল নোফেল। ২ গোল শোধ করে খেলায় ফিরলেও জয়ের চেষ্টা বৃথা গেছে। গত লিগের রানার্সআপ শেখ জামাল এবার ষষ্ঠ স্থানে লিগ শেষ করল। ২৪ খেলায় (৭ জয়, ৭ ড্র, ১০ হার, গোল ৩১/৩৭) ২৮ পয়েন্ট।  নোফেল তাদের তিন ফুটবলার আরিফুল, তানভির এবং সাদ্দাম পারিশ্রমিক নিয়েও খেলেনি বলে অভিযোগ করেছে বাফুফের এবং বাফুফে এই তিন ফুটবলারকে তলব করেছে।  ময়মনসিংহের মাঠে সাইফ স্পোর্টিং ৩-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। সাইফ চতুর্থ স্থান পেয়েছে। আজকের খেলা : ব্রাদার্স ও আরমবাগ। ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। শেখ রাসেল ও বিজেএমসি। ৭টা, সিলেট।