রেটিং হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। ফলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ৪ রেটিং হারালো টাইগাররা। তবে র্যাংকিংয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সপ্তম স্থানেই আছে বাংলাদেশ।

আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ৯০ রেটিং নিয়ে সপ্তম স্থানে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াতে ৪ রেটিং হারিয়েছে টাইগাররা। বর্তমানে তাদের রেটিং ৮৬। তবে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং বাড়তো বাংলাদেশের। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং বা র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হতো না টাইগারদের। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাতে র্যাংকিংয়ে কোনো উন্নতি হয়নি শ্রীলঙ্কার। তবে ৩ রেটিং বেড়েছে তাদের। এখন তাদের রেটিং ৮২। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কা ৭৯ রেটিং নিয়ে অষ্টম স্থানে ছিলো। সিরিজ শেষে বাংলাদেশের নিচেই আছে শ্রীলঙ্কা। রেটিংয়ের দিক দিয়েও নিচে আছে লঙ্কানরা। বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার রেটিং ব্যবধান এখন ৪।

আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ শীর্ষে আছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভারত ও নিউজিল্যান্ড।

 

 

র্যাংকিংয়ের শীর্ষ দশ

অবস্থান           দল                         পয়েন্ট

১                   ইংল্যান্ড                   ১২৫

২                   ভারত                      ১২২

৩                  নিউজিল্যান্ড              ১১২

৪                  অস্ট্রেলিয়া                 ১১১

৫                  দক্ষিণ আফ্রিকা          ১১০

৬                   পাকিস্তান                 ৯৭

৭                  বাংলাদেশ                ৮৬

৮                  শ্রীলংকা                   ৮২

৯                   ওয়েস্ট ইন্ডিজ            ৭৭

১০                আফগানিস্তান            ৫৯