সিএসআরের আওতায় গরিব ডেঙ্গু রোগীদের সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা

দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত গরিব রোগীদের চিকিত্সা সহায়তায় ব্যাংকগুলোকে এগিয়ে আসার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই চিকিত্সায় সহায়তা দিতে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এ সংক্রান্ত সার্কুলার ইতিমধ্যেই বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় ডেঙ্গু জ্বর প্রকট আকার ধারণ করেছে। ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের এ সংকটকালীন সময়ে চিহ্নিত করার আবশ্যকতা দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে প্রতিনিধি পাঠিয়ে ডেঙ্গুতে আক্রান্ত প্রকৃত দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সব ফি পরিশোধের পাশাপাশি রক্ত সংগ্রহ, প্রয়োজনীয় ওষুধপত্র, স্যালাইন, মশারি এবং অন্যান্য চিকিত্সা সামগ্রী দিয়ে ভূমিকা রাখতে পারে ব্যাংকগুলো। ব্যাংকের এই সহায়তা সামাজিক দায়বদ্ধতা খাতের (সিএসআর) ব্যয় হিসাবে দেখাতে বলা হয়েছে।