স্বাধীনতার ৪৮ বছরেও মির্জাপুর উপজেলার গোড়াই কাশেম ড্রাইসেলের পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদারের বাড়িসংলগ্ন গন্ধব্যপাড়া-লতিফপুর পর্যন্ত ৮ কিলোমিটার মিটার রাস্তার উন্নয়ন না হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে ৩৫ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তার পর জমে হাঁটু পানি। এছাড়া বছরের অধিকাংশ সময় কাদা হয়ে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। গোড়াই, আজগানা, লতিফপুর ও তরফপুর— এই চারটি ইউনিয়নের জনসাধারণ ছাড়াও খামারপাড়া, আত্তারামপাড়া, রহিমপুর, চাঁনপুর, মামুদপুর, গোড়াই নাজিরপাড়া, মৈশালপাড়া, গোড়াই, সোহাগপুর ও হাটুভাঙ্গা এলাকার হাজার হাজার জনসাধারণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
সোহাগপুর গন্ধব্যপাড়া এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদারসহ একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, গন্ধব্যপাড়া-লতিফপুর পর্যন্ত রাস্তাটি উন্নয়নের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিআরডি ও এমপি মহোদয়কে বার বার অবহিত করা হয়েছে। কিন্তু এলাকাবাসীর সে দাবি আজো বাস্তবায়ন হয়নি। ৮ কিলোমিটার রাস্তাটি উন্নয়ন ও পাকা না হওয়ায় দিন দিন এলাকার জনসাধারণকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। মির্জাপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গন্ধব্যপাড়া-লতিফপুর রাস্তাটি উন্নয়নের জন্য প্রায় ৩ কোটি টাকার প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যে দরপত্র আহবানের মাধ্যমে রাস্তাটির উন্নয়ন করা সম্ভব হবে।