পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত

সিরাজ-হাবিবের পুরনো দ্বন্দ্ব আবারো দৃশ্যমান

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদার এবং চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের পুরনো দ্বন্দ্ব আবারো দৃশ্যমান। গত সোমবার উপজেলা ও পৌর বিএনপি’র বর্ধিত সভায় সিরাজ সরদার বিষোদগার করে বলেছেন, ধানের শীষের পরাজয় নিশ্চিত করতে হাবিব বিরোধী পক্ষের হয়ে কাজ করছেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজ সরদার আরো বলেন, আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা হাবিবুর রহমান হাবিব বিগত ২০ বছর ধরে বেগম খালেদা জিয়া ও বিএনপির সাথে বেঈমানি করছে। তিনি এই আসনে ধানের শীষের বিজয়কে নস্যাত্ করার অপচেষ্টা চালাচ্ছেন। সিরাজ  বলেন, ‘হাবিব কখনো নৌকায় ভোট দিয়েছেন, কখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি’র প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছেন। হাবিব যেহেতু বিএনপি’র ধানের শীষে ভোট দেয়নি, তাই এখানে এসে বলুক আমি ২০ বছরে যা করেছি- অন্যায় করেছি ক্ষমা চাই। আমি সিরাজুল ইসলাম সরদার আমার মনোনয়ন প্রত্যাহার করে নিব। এমপি হওয়ার আমার এতো প্রত্যাশা নেই। আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বর্ধিত সভায় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, আমরা  সিরাজুল ইসলাম সরদারকে মনোনয়ন দেয়ার দাবিতে একাট্টা। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে এই সভায় সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সলিমপুর, মুলাডুলি, দাশুড়িয়া, পাকশী, সাহাপুর ইউপির সাবেক চেয়ারম্যানরা। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সম্পাদক, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরুসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতারা ।