চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় তানজিল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর তানজিল আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল স্কুল পাড়ার তোহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, তানজিল রাত ৭টার দিকে তার বোনের বাড়ি উপজেলার নাগদাহ গ্রামে যাচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটি ধাওয়া করলে চালক ট্রাকটি চালিয়ে দ্রুত পালিয়ে যান।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।