বদরগঞ্জে অপহূত ব্যক্তি উদ্ধার গ্রেফতার তিন

বদরগঞ্জে অপহরণকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে অপহরণকারীদের দেওয়া তথ্যের ভিক্তিতে অপহূত কামরুজ্জামানকে উদ্ধার করে বদরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বদরগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি আরিফ আলি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই সংঘবদ্ধ চক্রটির মূল হোতা শিল্পি বেগম। সে বিভিন্ন সময় ব্যবসায়িক প্রয়োজন, প্রেমের ফাঁদ এবং অধিক মুনাফা যেখানে পাওয়া যাবে সেই জায়গাকে টার্গেট করে মোবাইল ফোনে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে তার আস্তানায় নিয়ে আসে। পরে অপহূত ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের টাকা আদায় করে। এ ঘটনায় সে তার আপন ভাই সুমন ও সৌরভসহ ৩-৪ জনকে ব্যবহার করে। এদের প্রত্যেকের বাড়ি পৌর শহরের বিভিন্ন মহল্লায়। 

তিনি আরো জানান, এ চক্রটির সঙ্গে অজ্ঞাত আরো তিন-চারজন জড়িত রয়েছে। তাদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কামরুজ্জামানকে গত ২৯ জুলাই অপহরণ করে চক্রটি।