কলেজছাত্রীকে ইভটিজিং করার অপরাধে বৃহস্পতিবার পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের রিপন আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে ঐ ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।
পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে উপজেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রায়ই উত্ত্যক্ত করতো রিপন আলম। পরে শিক্ষার্থীর দেওয়া অভিযোগে অভিযান চালিয়ে রিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে চৌরঙ্গী মোড়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম রিপনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।