কিশোরগঞ্জে গাঁজাসহ আটক দুই ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম খোদাদাদ হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ভরাটি গ্রামের মো. মানিক ও মো. মকবুল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং পার্টি মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পূর্ব ভরাটি গ্রাম থেকে মো. মানিককে ৫০ গ্রাম এবং মকবুল হোসেনকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে উল্লিখিত দণ্ড দেয়। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।