ডাক বিভাগের রানার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ ডাক বিভাগের অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও গত বুধবার কমিশন দেশের আরো চারটি স্থানে পৃথক অভিযান চালিয়েছে।
এগুলো হলো: শিশু কার্ড প্রদানে অনিয়মের অভিযোগে নেত্রকোনার এক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে, ব্যাংকের হিসাব খোলার সময় অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের পটুয়াখালীর লামনা বড়বাজার শাখায়, বগুড়ায় ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা না দেওয়ায় একটি সুপার শপে ও রোগীদের ওষুধ অবৈধভাবে বাইরে বিক্রি করায় কমিউনিটি ক্লিনিকে।
দুদক সূত্র জানায়, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই রানার পদে ২১ জনকে নিয়োগ প্রদান করার অভিযোগে ময়মনসিংহ ডাক বিভাগের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুদক টিম ওই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করেছে। এদিকে শিশু কার্ড প্রদানে অনিয়মের অভিযোগে নেত্রকোনোর এক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়ে দুদক টিম জানতে পারে শূন্য থেকে ৬ মাস বয়সী শিশুদের জন্য শিশু কার্ড প্রদানের নিয়ম থাকলেও অনেক অভিভাবকই অবৈধ অর্থের বিনিময়ে ৬ মাসের অধিক শিশুদের জন্য শিশু কার্ড করছেন ও টাকা উত্তোলন করছেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের পটুয়াখালীর লামনা বড়বাজার শাখায় গিয়ে দুদক জানতে পারে সেবা প্রদানে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হচ্ছে।