চট্টগ্রামে ফারহান সাকিব নামের দশম শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ড হওয়া আসামিরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেন। তাদের সহযোগী হোসনে মোবারক রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ আব্দুল মজিদ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন।
এছাড়া এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অতিরিক্ত ১ বছর কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি ধারায় প্রধান আসামি কাজী সরওয়ার উদ্দিনকে দেওয়া হয় আরও ১০ বছরের কারাদণ্ড। আসামিদের মধ্যে কাজী সরওয়ার এখনো পলাতক। বাকিরা জেলহাজতে রয়েছেন।
ফারহান সাকিব চট্টগ্রামের মিরসরাই উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। ২০১৫ সালের জুন মাসে পূর্ব শত্রুতার জের ধরে ফারহানকে স্কুল এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর উপজেলার নয়াটিলা পাহাড়ে নিয়ে গলা কেটে হত্যা করে আসামিরা। এই ঘটনায় ফারহানের বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় দারোয়ান গ্রেফতার
চট্টগ্রামে সাত বছর বয়সি এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ঐ স্কুলের দারোয়ান দীপক দেকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানার আব্দুল লতিফের হাট থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বুধবার নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ করেন অভিভাবকরা। এসময় অভিযুক্ত দারোয়ান দীপক দে পালিয়ে যায়। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, দীপক বাকলিয়ায় আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি।
১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই
চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন আব্দুল বারেক ও নূর আয়শা। গত বুধবার গভীর রাতে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ দুই জনের কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো আচারের প্যাকেটের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী।