সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণ -----------দক্ষিণ সিটি মেয়র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মকভাবে সফল হবো। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সাতটি ওয়ার্ডকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলেছে। সেখানে আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে বিনামূল্যে অ্যারোসল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  ডেঙ্গুর আশঙ্কাজনক বিস্তারের বিষয়টি স্বীকার করে মেয়র বলেন, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, যা আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। নির্মাণাধীন ভবনগুলোতে অ্যাডিস মশার লার্ভা সবচেয়ে বেশি। এ পর্যন্ত ৬৬টি বাড়িতে লার্ভা পাওয়া গেছে। তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবন মালিকরা এ থেকে সচেতন হবেন বলে তার আশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. জাহিদ হোসেন প্রমুখ।

দোয়া চাইলেন মেয়র: এদিকে ডেঙ্গু পরিস্থিতি জটিল আকার ধারণ করায় সবার কাছে দোয়া চেয়েছেন মেয়র সাঈদ খোকন। একই দিন সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হচ্ছে। সামাল দিতে আমরা সমন্বিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই।

১১ ওয়ার্ড ডেঙ্গুমুক্ত: রাজধানীর ১১টি ওয়ার্ড এখন ডেঙ্গুমুক্ত দাবি করে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডগুলো বাদ দিয়ে পুরোনো ৫৭টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড পুরোপুরি ডেঙ্গুমুক্ত। তবে তিনি ১০টি ওয়ার্ডের হিসাব দেন। এগুলো হলো—১৪, ১৮, ২২, ২৩, ২৬, ৩৫, ৪২, ৫৩, ৫৫ ও ৫৬। তিনি জানান, গত ১৭ থেকে ২৭ জুলাই কয়েকটি সংস্থা জরিপ করে এই ফলাফল জানিয়েছে।