প্রতি সেকেন্ডে ডেঙ্গু পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা প্রতি সেকেন্ডের ডেঙ্গু পরিস্থিতি মনিটরিং করছি। আমরা মশার উত্পত্তিস্থল ধ্বংস করছি, মশা মারার জন্য নতুন ওষুধ আনছি। প্রধানমন্ত্রী লন্ডনে চিকিত্সাধীন থেকেও প্রতিদিন খোঁজ নিচ্ছেন ও নির্দেশনা দিচ্ছেন। আমাদের উদ্যোগের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে সব কাজ চলছে। আমরা বিশ্বাস করি পরিস্থিতি অল্পদিনের মধ্যে ম্যানেজ হয়ে যাবে। আপনাদের কাছে সহযোগিতা চাই। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকের ফাঁকে     মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। 

ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন :মন্ত্রী বলেন, বাংলাদেশের সব হাসপাতাল থেকে আনা তথ্যের ভিত্তিতে জানা যায়, ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিত্সা নিয়েছেন ১৭ হাজার ১৬৩ জন রোগী। চিকিত্সা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ২৬৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯০৩ জন। ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন। গত ২৪ ঘণ্টায় (৩১ জুলাই ভোর ৬টা থেকে ১ আগস্ট ভোর ৬টা পর্যন্ত) ভর্তি হয়েছেন এক হাজার ৪৭৭ জন। নেত্রকোনা ছাড়া ৬৩ জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেছে।

মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে নতুন নতুন ওয়ার্ড খুলছি। যেসব হাসপাতালে রোগী ভর্তি করা হতো না সেখানে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেক জেলার সিভিল সার্জনকে ডেঙ্গু চিকিত্সার গাইডলাইন দেওয়া হয়েছে। আমাদের ২৯ জন বিশেষজ্ঞ রয়েছেন। তারা ঘুরে ঘুরে প্রত্যেক জেলায় যাচ্ছেন। ডেঙ্গু পরীক্ষায় ৬৫ হাজার কিট বিতরণ করা হয়েছে। আরো পাঁচ লাখ কিট আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ডা. মোস্তফা কামাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আরসালান, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদেশ ভ্রমণ নিয়ে প্রশ্ন করায়

স্বাস্থ্যমন্ত্রীর ধমক

এবার সাংবাদিকদের ধমক দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দেশজুড়ে ডেঙ্গু আতঙ্কের মধ্যে ব্যক্তিগত বিদেশ সফর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি ধমক দিয়ে অন্য প্রসঙ্গে প্রশ্ন করতে বলেন। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের আর প্রশ্ন না করার অনুরোধ জানিয়ে অন্য প্রসঙ্গে চলে যান। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ঘটনা ঘটে। এর আগে, ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গিয়ে সমালোচনার মুখে তড়িঘড়ি করে সফর সংক্ষিপ্ত করে বুধবার (৩১ জুলাই) রাতে ঢাকায় ফিরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এর পর থেকেই একের পর এক প্রশ্নের মুখে পড়ছেন তিনি।