টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। গতকাল বৃহস্পতিবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধুর পিতা শেখ লুত্ফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুনের কবর পরিদর্শন করেন। এরপর মার্কিন রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া পৌঁছালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।