বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ওই হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু রোগী চিকিত্সাধীন। এর মধ্যে ৫৪ জন পুরুষ, ২০ জন মহিলা এবং পাঁচ জন শিশু। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয় ১৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৩ জন। আর মৃত্যুবরণ করেছে দুই জন। অপরদিকে ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পেলেও তাদের চিকিত্সায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। পাশাপাশি চিকিত্সক ও নার্সদের নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয় বলে তিনি জানান।
এদিকে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় সম্পর্কে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গতকাল সভা করেন ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে। সভায় বরিশালের সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ব্যানার টানানোর নির্দেশ দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এর পাশাপাশি সভায় ডেঙ্গু রোগ সনাক্তকরণ পরীক্ষা-নিরীক্ষা সরকার নির্ধারিত ফি দিয়ে করানো এবং সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিছন্ন রাখার নির্দেশনা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. আবদুর রহিম জানান, ডেঙ্গু চিকিত্সায় এরই মধ্যে নতুন গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য বিভাগ। এতে বলা হয়েছে, অনিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বরের চিকিত্সা করানো যাবে না।