গণতান্ত্রিক বাম ঐক্যের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে গুলিস্তানে গোলাপ শাহ মাজারের কাছে সমাবেশ থেকে দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন বাম ঐক্যের নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ দাবি করে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, তাদেরকে আর দায়িত্বে দেখতে চাই না। সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম বলেন, সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। এসডিপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, অনির্বাচিত সরকার কোনোদিন জনকল্যাণমুখী হতে পারে না। সমাবেশে সভাপতির বক্তব্যে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেন, অবিলম্বে ডেঙ্গু আক্রান্ত সকল ব্যক্তির চিকিত্সার দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে নগর ভবন ঘেরাওয়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে গণজমায়েত শেষে মিছিল বের করে বাম ঐক্য।