বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজধানীসহ সারা দেশের মানুষের মধ্যে এখন চরম ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। অথচ এই সংকট মোকাবিলায় জনবিদ্বেষী সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এক জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই এবং রাষ্ট্রক্ষমতার জন্য বর্তমান শাসকগোষ্ঠী জনগণকে প্রয়োজন মনে করে না। সেজন্য দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অবহেলা ও অবজ্ঞা করে থাকে। ডেঙ্গু সমস্যার মতো এতবড়ো জাতীয় সংকটে সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বিদেশে।