চট্টগ্রামে গান গেয়ে ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে আলমগীর বিন কবির নামে এক সংগীতশিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঐ শিল্পীর সহযোগীদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। গতকাল জেলা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম এমরান ভূঁইয়া বলেন, সম্প্রতি আলমগীরের গাওয়া একটি গানের ভিডিও ফুটেজ পুলিশের কাছে আসে। ফেসবুকে আপলোড করা পাঁচ মিনিট ৫৩ সেকেন্ডের এই গানে দেখা যায়, আলমগীর ও তার সহযোগীরা পদ্মা সেতু, ছেলেধরা, গলা কাটার গুজব ছড়িয়ে এলাকার শিশু-কিশোরদের স্কুল-মাদ্রাসায় একা না পাঠানোর গান পরিবেশন করছে। সেটি ফেসবুকে কয়েক হাজারবার শেয়ার হয়েছে। আমরা জানতে পেরেছি, আলমগীর নবজাগরণ নামে একটি শিল্পীগোষ্ঠীর সঙ্গে জড়িত। সে তার সহযোগীদের নিয়ে অফিসে বসে গান গেয়ে তা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। পুলিশ জানতে পেরেছে আলমগীরের সহযোগীদের মধ্যে অনেকেই জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।