ইত্তেফাক রিপোর্ট
শিল্প-কারখানায় উত্পাদনশীলতা বৃদ্ধি ও উত্পাদিত পণ্যে উত্কর্ষতা সাধনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭ এর জন্য নির্বাচিত করেছে শিল্প মন্ত্রণালয়। আগামী ১১ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ পুরস্কার তুলে দিবেন। ২০১৭ সালের জন্য ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো : স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, এনভয় টেক্সটাইলস্, বিএসআরএম স্টিলস্, অকো-টেক্স, বিআরবি পলিমার, ন্যাসেনিয়া লিমিটেড, প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া, আলীম ইন্ডাস্ট্রিজ, খান বেকেলাইট প্রোডাক্টস, ট্রিম ট্যাক্স বাংলাদেশ, অধরা পার্লার এন্ড স্পা ট্রেনিং সেন্টার, প্রীতি বিউটি পার্লার। এছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে রেণউইক, যজ্ঞেশ্বর, করিম জুট মিলস ও ন্যাশনাল টিউবস্।