জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ভারতের বিশ্বভারতী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৃহস্পতিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিদ্যুত্ চক্রবর্তী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। মেয়াদান্তে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে এ সমঝোতা স্মারকের সময় বর্ধিত করার ব্যবস্থা রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংযুক্ত করে পারস্পরিক সহযোগিতা, উদ্যোগ ও বিনিময়ের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষরকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম উপস্থিত ছিলেন।