শারীরিকভাবে গুরুতর বিকলাঙ্গ দুই রাজনীতিবিদের অভিষেক হয়েছে জাপানের পার্লামেন্টে। গতকাল বৃহস্পতিবার ওই দুই বামপন্থি নেতাকে করতালির মধ্য দিয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে স্বাগত জানানো হয়। এই দুজনের নাম ইয়াসুহিকো ফুনাগো ও এইকো কিমুরা। তাদের শরীরের বড় অংশই অচল। অন্যদের সাহায্য ছাড়া বিন্দুমাত্র পথ চলতে পারেন না তারা। এই আইনপ্রণেতারা জনগণের জন্য কি ধরনের ভূমিকা পালন করতে পারেন—তা দেখার অপেক্ষায় জাপানিরা।
জানা গেছে, গত মাসে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ইয়াসুহিকো ও কিমুরা। তাদের নির্বাচিত হওয়াকে জাপানে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ৬১ বছর বয়সী ইয়াসুহিকো ২০০০ সালে স্নায়ুরোগে আক্রান্ত হন। তখন থেকে শরীরের বিভিন্ন অঙ্গ নড়াচড়া করানোর সক্ষমতা হারাতে থাকেন তিনি। অন্যদিকে, এইকো কিমুরা ভুগছেন সেরিব্রাল প্যালসি নামক রোগে। কেবল ডান হাত ছাড়া গলার নিচ থেকে শরীরের পুরো অংশই তার অচল।
বামপন্থি দল রেইওয়া শিনসেনগুমি থেকে প্রতিনিধিত্ব করছেন এই দুই নেতা। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া তারো ইয়ামামোতো হলেন দলটির প্রতিষ্ঠাতা। জাপানের প্রচলিত সমাজ ব্যবস্থায় যেসব মানুষ আড়ালে থেকে যান তাদেরকে সামনে নিয়ে আসার লক্ষ্যে প্রচারণা চালিয়ে থাকে এই দলটি। দলটি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে প্রতিবন্ধীদের পাশাপাশি সিংগেল মা-বাবা ও খণ্ডকালীন চাকরিজীবীরাও ছিলেন। জাপানের সিনেটের হুইলচেয়ার ব্যবহারকারী আইনপ্রণেতা পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। তবে এই দুজন হলেন প্রথম আইনপ্রণেতা যারা গুরুতরভাবে বিকলাঙ্গ। —বিবিসি