কেন্দ্র বা বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কাছে সহনশীলতার বার্তা দিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল বৃহস্পতিবার রাজস্থান বিধানসভায় এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দল বিপুল আসন জিতলেও মোট ভোটের পঞ্চাশ শতাংশও পায়নি। এই অঙ্ক থেকেই মাথায় রাখা উচিত যে, বিরাট সংখ্যায় মানুষ তাদের পক্ষে ভোট দেয়নি। তাই যারা ভোট দিলেন না তাদের বিষয়টিও শাসক দলকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। মাথায় রাখতে হবে তারাও গণতান্ত্রিক, প্রজাতন্ত্রী, সার্বভৌম ভারতের নাগরিক। এর আগে কংগ্রেসের ক্ষেত্রেও এটা যেমন সত্য, তেমনই বিজেপিসহ অন্যান্য দলের ক্ষেত্রেও সত্য।
সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছে ৩০৩ আসন। তবে আসন বাড়লেও বিজেপি পেয়েছে মাত্র ৪০ শতাংশ ভোট। কিন্তু ক্ষমতায় ফিরেও বিতর্ক পিছু ছাড়ছে না মোদি সরকারের। দেশজুড়ে ধর্মীয় মেরুকরণের জন্য দায়ী করা হচ্ছে বিজেপিকে। বিরোধীদের অভিযোগ, সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল সংখ্যাধিক্যের জোরেই আইনে পরিণত করছে বিজেপি সরকার। এমন পরিস্থিতিতে সরকারকে বার্তা দিলেন প্রণব মুখার্জি। খবর:এনডিটিভির।