প্রতারণার প্রতিকার চান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের পরিবার

প্রতারক এক নারীর খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের পরিবার। ঐ নারী ভুয়া ঠিকানা ব্যবহার করে তাদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে তিনটি মামলা করেছেন। ২৫ লাখ টাকা দাবি করে জেলায় জেলায় মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি। রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকাল এমন অভিযোগ করেন নারায়ণগঞ্জের বন্দর থানার শোভা আলীর ছেলে ফজলুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একই থানা এলাকার জুহেলীমা আক্তার স্বর্ণা আগের দুটি বিয়ের তথ্য গোপন করে পরিবারের অমতে তার ছেলে ইমরানকে বিয়ে করেন। বিয়ের পর স্বর্ণা দ্বিতীয় স্বামীর সঙ্গে আমেরিকায় চলে যান। তার আগের বিয়ের তথ্য জানতে পেরে ইমরান স্বর্ণাকে তালাক দেয়। একপর্যায়ে স্বর্ণা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে মামার বাড়িতে আত্মগোপন করেন। স্বর্ণা সোনাকান্দা এলাকার বাসিন্দা জুয়েল, হিরা ও রাহাতকে মিথ্যা সাক্ষী বানিয়ে ইমরান, ফজলুর রহমান, তার স্ত্রী জামিলা বেগমসহ পরিবারের সবার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় তিনটি মামলা করেন। তার মেয়েদের সংসার ভাঙার চেষ্টা করছেন। ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ সবার দৃষ্টি আকর্ষণ করেছন।